বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আসন ৬০টি বাড়ানো হয়েছে। গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ছিল ১ হাজার ৬টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬টিতে। নতুন করে যুক্ত হওয়া দুটি ডিগ্রির প্রতিটিতে ৩০টি করে আসন নির্ধারণ করা হয়েছে।
নতুন ডিগ্রি দুটি হলো—ব্যাচেলর অব সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ব্যাচেলর অব সায়েন্স ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গত শিক্ষাবর্ষের তুলনায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে বাকৃবিতে। মোট আসনের দিক থেকেও বিশ্ববিদ্যালয়টি গুচ্ছে শীর্ষে রয়েছে। গুচ্ছের মোট আসনের ২৮ শতাংশের বেশি বাকৃবির।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে লেনদেন চার্জ প্রযোজ্য হবে।
আগামী শনিবার (২ জানুয়ারি ২০২৭) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতির এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন বেড়েছে ৯৪টি। গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট আসন ছিল ৩ হাজার ৭০১টি। চলতি শিক্ষাবর্ষে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৯৫টি।
বাকৃবি ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১টি আসন বেড়ে হয়েছে ৪৭৩টি। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯টি বেড়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪টি বেড়ে ৮৬টি হয়েছে।
অন্য পাঁচ বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা অপরিবর্তিত রয়েছে। এগুলোর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেন, “সংশ্লিষ্ট ইনস্টিটিউট ও অনুষদের প্রস্তাবের ভিত্তিতে তারা যতটি আসন সুপারিশ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো কৃষি গুচ্ছ ভর্তি-সংক্রান্ত কমিটির কাছে পাঠিয়েছে। পরে এসব প্রস্তাব অনুমোদিত হয়েছে। নতুন দুটি ডিগ্রিতে ৩০ জন করে মোট ৬০টি আসন বাড়ানো হয়েছে।”
মন্তব্য করুন