শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) ময়মনসিংহের ৩ নম্বর বোররচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য এসএম আনোয়ার হোসেন হানু ও আজিজুল হক সরকার।
কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ এবং সদস্য শেখ মো. আবু সেলিম।
সমাবেশে ৩ নম্বর বোররচর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সমাবেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন