রাজনৈতিক খবর পড়ুন
ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
২৭ নভেম্বর, ২০২৬ ২০:৩২
ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তা ঘেঁষে বিশাল বালুর স্তূপ করে রাখা হয়েছে। প্রায় প্রতিদিন ড্রেজারের মাধ্যমে কিংবা ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে বালু এনে সড়কের পাশে স্তূপ করা হচ্ছে। আবার বালু বিক্রি হলে সেগুলোও ট্রাকে তোলা হচ্ছে। বালুর স্তূপগুলো মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকার ব্রিজের উত্তর পাশের সড়কের দুই পাশ ঘেঁষে প্রায় ১০-১২টি স্থানে অবৈধভাবে বালুর স্তূপ রাখা হয়েছে। এতে সড়কে চলাচলাকারী যানবাহনের চালক ও যাত্রীরা পড়ছেন নানা দুর্ভোগে। এছাড়া বালু স্তূপ থাকার কারণে রাত্রি হলেই সড়কে শুরু হয় ডাকাতের দৌরাত্ম্য। গত এক মাসে এই সড়কে প্রায় ৫/৬টি ডাকাতির ঘটনা ঘটেছে। বিশেষ করে হালকা বাতাস হলেই উড়ন্ত বালু চালকদের চোখে-মুখে এসে পড়ছে, ফলে যানবাহন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বালু উড়ে পরিবেশও দূষিত হচ্ছে। তাছাড়া বালুর স্তূপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় এখানে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। প্রকাশ্যে এমন মহাসড়কের পাশে জায়গা দখল করে বালুর অবৈধ ব্যবসা চালালেও নীরব সড়ক ও জনপদ বিভাগ ও স্থানীয় প্রশাসন নীরব।
স্থানীয় অটোরিকশা চালক দুলাল মিয়া বলেন, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সিএনজি চালক বাসার মিয়া বলেন, আমি এই সড়ক দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন করে থাকি। কালিকাপ্রসাদ এলাকায় সড়কের দুই পাশে পাহাড় সমতল উচু করে বালু স্তূপ রেখে বিক্রি করছে একটি চক্র। সড়কে গাড়ি চলাচলের সময়ে বালু স্তূপ থেকে বাতাসে বালু উড়ে চোখে পড়ছে । এতে যেকোন সময় সড়কে দুর্ঘটনার আশংকা রয়েছে।
সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহী জামাল মিয়া বলেন, সরকারি সড়কের জায়গা দখল করে একটি চক্র অবৈধভাবে বালু ব্যবসা করছে। তারা কোন নিয়ম নীতি না মেনে যেকোনো সময়ে সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু উঠানামা করছে। এতে সমস্যায় পড়ছি আমরা যারা এই সড়ক দিয়ে যাতায়াত করছি। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. সোহান আহমেদ বলেন, সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা দখল করে বালুর স্তূপ রেখে ব্যবসা চালাচ্ছে বালু ব্যবসায়ীরা। এতে করে সড়কে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এগুলো দ্রুত সরানো না হলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার বালু ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের নিজের ও সওজের জায়গায় বালুর ব্যবসা করে আসছি। এজন্য কারো কাছে কোন অনুমতি নেইনি। বালু ট্রাকে উঠানামা করার সময়ে সড়কে যান চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয় তা অস্বীকার করার কিছু নেই। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ করেননি।
নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন বলেন, এভাবে সড়কের পাশে বালুর ব্যবসা চলায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
ভৈরব সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী স্বর্না আক্তার বলেন, বালু উত্তোলন করে সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে সেই জায়গাটি হাইওয়ের অন্তর্ভুক্ত। এই বিষয়টি আমি সাম্প্রতিক সময়ে অবগত হয়েছি। তাছাড়া আপনাদের মাধ্যমেও জেনেছি। যেহেতু সড়কটি দিয়ে যানবাহন চলাচল করে সেই জন্য চালক ও যাত্রীদের অসুবিধা হচ্ছে। সেজন্যই দ্রুতই এসমস্যা সমাধানের জন্য যে প্রদক্ষেপ গ্রহণ করা দরকার তা দ্রুতই নেওয়া হবে। তাছাড়া সওজের জায়গা অনুমতি বিহীন দখল করে কিভাবে বালু ব্যবসা করছে সেই বিষয়েও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, মহাসড়কের পাশে সওজের জায়গায় বালু রেখে ব্যবসা করা অত্যন্ত গর্হিত কাজ। সড়ক ও জনপথ বিভাগ তা সরানোর উদ্যোগ নিলে উপজেলা প্রশাসন অবশ্যই তাদের সহযোগিতা করবে এবং আইনগত ব্যবস্থা নেবে।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
২৭ নভেম্বর, ২০২৬ ২২:৪৭
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। সে কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।
মন্ত্রী বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা।
তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। একধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।
তিনি বলেন, এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এর আগে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ নয়, পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলেও প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।
তিনি বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকো’র চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গাজীপুরে নিরাপত্তা জোরদারে ১৯ প্লাটুন আনসার মোতায়েন, স্বস্তি ফিরছে জনমনে
২৭ নভেম্বর, ২০২৬ ২২:১৮
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। বাহিনীর সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদানমূলক কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম, স্বাভাবিক রয়েছে মহাসড়কের যান চলাচল এবং নির্বিঘ্নে চলাচল করছেন সাধারণ মানুষ।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গণির সার্বিক তত্ত্বাবধানে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মোতায়েনকৃত ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স গাজীপুরের ডেগেরছালা-গাছা, সাইনবোর্ড, কলেজগেট (টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা), এশিয়া পাম্প, জরুন, নওজোড়, ভোগড়া, সালনা, মৌচাক, আমবাগ-কাটা, পল্লী বিদ্যুৎ, তেলিরচালা, হোতাপাড়া, বাংলা বাজার, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী ও কাশিমপুরসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্টে দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছেন বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকি করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া, উপপরিচালক আজিজ, উপপরিচালক মেহেদি এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।
নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে একটি কার্যকর তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নিকটবর্তী শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে। ফলে যেকোনো উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সক্ষমতা আরও জোরদার হয়েছে।
উল্লেখ্য, দেশের শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হামলা ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, দৃঢ় মনোবল ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
গাজীপুর শিল্পাঞ্চলেও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে শীর্ষে অবস্থানে বাংলাদেশ
২৭ নভেম্বর, ২০২৬ ২১:১১
আন্তর্জাতিক প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল দেখানো হয়েছে ৬৮ লাখ।
প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।
তালিকায় ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। এরপর ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া পঞ্চম এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।
এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর সপ্তম অবস্থানে রয়েছে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রত্যেকটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।
গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্তে আরও বলা হয়েছে, বাংলাদেশের এই ৬৮ লাখ সদস্য বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ।
তবে প্যারামিলিটারি বাহিনীর জনবলে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। অর্থাৎ, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা— দুটি আলাদা সূচক।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে সাজসাজ রব, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অনেক
২৭ নভেম্বর, ২০২৬ ২০:০২
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় এখন সাজসাজ রব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারপ্রধানকে বরণ করে নিতে শহরের প্রধান সড়ক, প্রবেশপথ, সড়ক বিভাজক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলছে ধোয়া-মোছা, নতুন রঙের প্রলেপ এবং সৌন্দর্যবর্ধনের কাজ। শুরুতে ৩০ নভেম্বর সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ২ ডিসেম্বর চূড়ান্ত করা হয়। নির্ধারিত দিনে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি কর্মসূচিতে যোগদান শেষে তিনি কুষ্টিয়ায় পৌঁছাবেন। সফরটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, প্রটোকল ও যানবাহন ব্যবস্থাপনায় সব দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান। পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে দল ও এর অঙ্গসংগঠনগুলো জনসভা ও পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতির পাশাপাশি এই সফরকে ঘিরে কুষ্টিয়াবাসীর মধ্যে উন্নয়নের বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা, যাতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষকে আর অন্য শহরে ছুটতে না হয়।
একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী জগতি সুগার মিল ও মোহিনী মিলস পুনরায় সচল করার মাধ্যমে আখচাষি, শ্রমিক ও সাধারণ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে আনার জোর দাবি উঠেছে।
এ ছাড়া নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকারত্ব নিরসনে বাস্তবসম্মত ও সময়সীমাভিত্তিক কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম।
দেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ নভেম্বর, ২০২৬ ১৯:৪৮
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না।
তিনি বলেন, আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী ও পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা পোষণ করবে, তখন সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্তপ্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার হবে।
তিনি আরও বলেন, পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অহেতুক উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডে জড়িত। আমরা তাদের চিনি।
বুড়ি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ থমকে থাকায় দুর্ভোগে লাখো মানুষ
২৭ নভেম্বর, ২০২৬ ১৯:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীর ওপর নির্মাণাধীন ২৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ দীর্ঘদিন ধরে থমকে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের মানুষ। বিটঘর-বটতলী সড়কের রাধানগর অংশে সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের ভাষ্য, সেতুটি নির্মিত হলে নবীনগরের প্রায় ছয় লাখ মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বুড়ি নদী ভৌগোলিকভাবে নবীনগর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর কারণে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাউর-ফতেহপুর, জিনদপুর ও সাতমোড়া ইউনিয়নের সঙ্গে পূর্বাঞ্চলের বিটঘর, কাইতলা, শিবপুর, বিদ্যাকুট ও নাটঘর ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে এসব এলাকার মানুষকে জেলা সদরে যাতায়াত করতে অতিরিক্ত প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরতে হয়।
এ জনদুর্ভোগ কমাতে রাধানগর এলাকায় বুড়ি নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অনুমোদন ও দরপত্র প্রক্রিয়া শেষে শুরু হয় নির্মাণকাজ। সেতুর দুই প্রান্তে প্রায় চার কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ ও কার্পেটিংয়ের কাজও শেষ করা হয়েছে। তবে সেতুর মূল নির্মাণকাজ অসমাপ্ত থাকায় পুরো প্রকল্পের সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, নকশাগত জটিলতা ও সেতুর উচ্চতা নির্ধারণে ভুল পরিকল্পনার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ আর এগোচ্ছে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সেতুর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকরা। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের নিয়ে নদী পারাপারে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। অন্যদিকে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও।
এলাকাবাসীর দাবি, নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। প্রশাসনিক ও কারিগরি জটিলতা দ্রুত নিরসন করে সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে শুধু নবীনগরের দুই অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগই প্রতিষ্ঠিত হবে না, প্রতিবেশী কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা এলাকার সঙ্গেও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের যোগাযোগ আরও সহজ হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত দৃশ্যমান হবে বুড়ি নদীর ওপর স্বপ্নের সেতুটি।
মন্তব্য করুন