নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ডের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বৃহস্পতিবার ২৬ নভেম্বর এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে উপজেলার সকল ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি সম্পন্ন হয়েছে। শুমারিতে অন্তর্ভুক্ত খানাগুলোর মধ্য থেকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
প্রথম পর্যায়ে সফটওয়্যারের মাধ্যমে পিএমটি স্কোরের ভিত্তিতে মোট ৪ হাজার ৯৭১টি খানার নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য প্রাথমিক খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকাটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।
আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত ইউনিয়ন কমিটির আহ্বায়কের নেতৃত্বে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
খসড়া তালিকায় কোনো অনুপযুক্ত ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ গণশুনানিতে লিখিত অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার ও সদস্য-সচিব মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্তব্য করুন