
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহের মুক্তাগাছায়ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বাদ আসর আব্বাছিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে পল্লীবিদ্যুৎ অফিস পর্যন্ত পৌঁছায়। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দুই পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
মিছিলে পর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়াও বক্তব্য দেন- জেলা শূরা পরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, উপজেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। সরকার জনগণের দাবিকে উপেক্ষা করলে আন্দোলন আরও বেগবান হবে।
অন্যদিকে, একই দিন বাদ আসর মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা রুহুল আমিন। সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও বাদ জুমা মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান। বক্তব্য দেন:কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি চালুর মধ্য দিয়েই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন সম্ভব। দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

