
ধোবাউড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন , তিনি বলেছিলেন জামায়তের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। সেই পীর সাহেব এখন জামায়তের সাথে ঐক্য করে নিজের শরীরে জামায়তের বিষ লাগিয়েছেন, নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়তের বিষ এখন তাঁর কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে।
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াও বিকেলে তিনি ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও দূর্গা পুজার প্রস্তুতি অবলোকন করেন। এর আগে সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন- বাগাছাস এর নেতৃবৃন্দ এমরান সালেহ প্রিন্সের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যা বিষয়ে অবহিত করেন। এর পর তিনি গোয়াতলা বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান, বাড়ী পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা ও সহযোগিতা প্রদান করেন।
ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন , সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি , শামীম মিয়াকে সাধারণ সম্পাদক , শফিকুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি , আব্দুস শহীদ তালুকদারকে সহ সভাপতি , সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয় ।

