
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বিএনপি ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহসভাপতি অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির বলেছেন, কওমি মাদ্রাসা হলো দ্বীন, ঈমান, এলেম ও আমলের উৎস এবং সুতিকাগার। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভকারীগণ আলোকিত মানুষে পরিণত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে সেবা করে যাচ্ছেন।
গত ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ সদর উপজেলার জয়বাংলা বাজার সংলগ্ন জামিয়া নূর হোসেন দাওরায়ে হাদিস (মাস্টার্স) মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলনে ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ইসলামের সুমহান বার্তা সমাজে ছড়িয়ে দিয়ে আদর্শ মানুষ গড়ে তোলার নীরব বিপ্লব সাধন করছেন। বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলো নারী শিক্ষায় গ্রামগঞ্জ থেকে শহর-বন্দর পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সরকারি অনুদান ও আর্থিক সহায়তা ছাড়াই মাদ্রাসাগুলো সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে যা মহান আল্লাহর এক মহৎ দান।
আরো বলেন, আলেমগণ নবীদের উত্তরাধিকারী ও আমাদের পথপ্রদর্শক। তাদের সম্মান ও সহযোগিতা করা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। তিনি শিক্ষকদের দিবারাত্রি পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি অর্জনে অবিরাম প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সকলের প্রতি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন মুহতামিম মুফতি নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন জামিয়া মাহমুদিয়া চর খরিচার নায়েবে মুহতামিম হজরত মাওলানা আব্দুল মান্নান মাহমুদী (দাঃবাঃ)।

