মুক্তাগাছা প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মুক্তাগাছা উপজেলা প্রশাসন। সভা শেষে পৌর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভোগ্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ইফতার সামগ্রীসহ নিম্নমানের পণ্য বাজারজাতকরণ রোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া পৌর এলাকায় যানজট নিরসন, কর্মঘণ্টায় কর্মোদ্যম বৃদ্ধি এবং জ্বালানি খরচ লাঘবে সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার মনিটরিং জোরদার করা হবে এবং রমজানজুড়ে অভিযান অব্যাহত থাকবে।

 

ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

 

মতবিনিময় সভা শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র পৌর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। যানজট নিরসনে পরিচালিত এ অভিযানে অবৈধ পার্কিংয়ের দায়ে ‘ইসলাম পরিবহন’-এর একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রকাশ্যে ধূমপানের দায়ে এক সিএনজি চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও কৃষ্ণ চন্দ্র সাংবাদিকদের জানান, রমজান মাসজুড়ে বাজার নিয়ন্ত্রণ, ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।