শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে পুলিশ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সকল পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং পূজামণ্ডপে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্ন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা পুলিশের গৃহীত নিরাপত্তামূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে জেলা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
মন্তব্য করুন