কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি : প্রতিদিনের সংবাদ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আল আমিন রাফি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন রাফি মৃত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন রাফি একসময় ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করতেন। প্রায় তিন-চার বছর আগে এলাকায় ফিরে কয়েকজন নারীকে কাজ শিখিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ পরিচালনা শুরু করেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তাঁর এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন; প্রায়ই তাঁকে ফোন করে ওই বন্ধুর কাছে টাকা চাইতে দেখা গেছে। তবে কত টাকা পাঠিয়েছিলেন, তা কর্মীরা জানেন না। তাঁর ভাষ্য, আল আমিনের সঙ্গে কারও শত্রুতা ছিল না, বরং তিনি দেনার চাপে ছিলেন।
নিহতের বোন রোহেনা আক্তার বলেন, তাঁর ভাই নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে গ্রিসে যেতে সহায়তা করেছিলেন; বর্তমানে নাঈম গ্রিসে আছেন। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আল আমিন ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন