নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি
মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
নেত্রকোনা সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক উপকারভোগী নির্বাচন নিয়ে ১২টি ইউনিয়নে একযোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয়। প্রাথমিক তালিকায় কারও নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে কোনো আপত্তি কিংবা অভিযোগ থাকলে তা জানানোর আহ্বান জানানো হয়।
Advertisements
এর অংশ হিসেবে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল খান সানি, ইউনিয়ন সমাজকর্মী মো. খাইরুল আমিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান তাং, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস খান, ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নেত্রকোনা সদর উপজেলায় এ পর্যন্ত ১৬ হাজার ৫৫৩টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পিএমটি স্কোরের ভিত্তিতে ৪ হাজার ৯৬১টি পরিবারের নারী প্রধানকে প্রাথমিকভাবে উপকারভোগী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিতদের তালিকা নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো অনিয়ম, অসংগতি কিংবা যোগ্য ব্যক্তি বাদ পড়েছেন বলে মনে হলে উপজেলা বা ইউনিয়ন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির কাছে অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে।
আয়োজকরা জানান, গণশুনানির মাধ্যমে প্রাথমিক তালিকা নিয়ে স্থানীয়দের মতামত ও অভিযোগ শোনা হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক-ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’ স্লোগানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মন্তব্য করুন