নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুশীল বিশ্ব শর্মা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisements
নিহত সুশীল বিশ্ব শর্মা কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের প্রয়াত রমণী বিশ্ব শর্মার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সুশীল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুশীলসহ সিএনজিচালক জুয়েল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে সুশীল বিশ্ব শর্মাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিএনজিচালক জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত অপর যাত্রী কামরুন নাহার (৪০) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন