ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর ১৭৩ একর জমিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে গড়ে উঠছে এ ক্রীড়া স্থাপনা। তবে কমপ্লেক্সটি ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয়টির খেলাধুলার চর্চা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অলিম্পিক কমপ্লেক্সের সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পেলে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় হয়ে ওঠার পথ সুগম হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ফুটবল, হকি, অ্যাথলেটিকস, শুটিং ও সাঁতারসহ মোট ২৭টি ডিসিপ্লিনের জন্য আধুনিক স্টেডিয়াম ও প্রশিক্ষণ সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক বা সহযোগিতামূলক চুক্তি করতে পারলে শিক্ষার্থীদের এসব সুযোগ-সুবিধা ব্যবহারের পথ তৈরি হতে পারে। এতে নিয়মিত অনুশীলন, দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধান এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা।
অবকাঠামোর অভাবে থমকে ক্রীড়াচর্চা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ ও প্রতিভা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ সুবিধা এবং ক্রীড়া সরঞ্জামের ঘাটতি দীর্ঘদিনের। আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও প্রত্যাশিত অগ্রগতি নেই। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের অধিনায়ক অনিক চন্দ্র কর বলেন, পর্যাপ্ত জনবল, ক্রীড়া সরঞ্জাম ও প্রশাসনিক সহযোগিতার অভাবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে। ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় চাইলেও নিজেদের দক্ষতা যথাযথভাবে বিকশিত করতে পারছেন না।
তিনি বলেন, ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে অনুশীলনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুশীলন করতে পারলে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দলের খেলোয়াড় বৃষ্টি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স ব্যবহারের সুযোগ পেলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবেন শিক্ষার্থীরা।
সমঝোতা চুক্তির অপেক্ষায় বিশ্ববিদ্যালয়
অলিম্পিক কমপ্লেক্সটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে কার্যকর সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মো. নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ও প্রতিভা রয়েছে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধার অভাবে তাদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাছেই ত্রিশালে আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্স নির্মাণ একটি বড় সুযোগ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা চুক্তি করা গেলে ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়েরা সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন। এতে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক ক্রীড়াচর্চার পরিবেশও তৈরি হবে।
ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালুর প্রয়োজনীয়তা
শুধু আধুনিক ক্রীড়া অবকাঠামো ব্যবহারের সুযোগ নয়, বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালুর বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং ক্রীড়া ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতে এ ধরনের বিভাগের ভূমিকা রয়েছে।
শাহ মো. নাজমুল হাসানের মতে, বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করা গেলে দক্ষ খেলোয়াড়ের পাশাপাশি কোচ, ফিটনেস ট্রেইনার ও ক্রীড়া ব্যবস্থাপক তৈরির সুযোগ সৃষ্টি হবে। এতে খেলাধুলাকে কেবল সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্র হিসেবেও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন দ্রুততম মানবী শিরিনা আক্তার, জাতীয় দলের হকি খেলোয়াড় শোভন এবং দৌড়বিদ জহির রায়হান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও নিজস্ব স্টেডিয়াম। আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড়, রেফারি, আম্পায়ার ও ফিজিও তৈরিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ২০২২ সালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন। ২০২২ সালের আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও ক্রীড়া শিক্ষায় গুরুত্ব দিয়ে জাতীয় ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।
সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন কার্যকর উদ্যোগ
ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই নির্মিত হচ্ছে। ভৌগোলিক এই নৈকট্য বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে শুধু কমপ্লেক্স নির্মিত হলেই শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় পরিবর্তন আসবে না।
সংশ্লিষ্টরা বলছেন, এর সুযোগ ব্যবহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা, নিয়মিত অনুশীলনের ব্যবস্থা এবং প্রশিক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ, দক্ষ প্রশিক্ষক নিয়োগ, নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগ নেওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন আরও সংগঠিত হতে পারে। এতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পথও সুগম হবে।
মন্তব্য করুন