ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নাশকতামূলক কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগীসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেল, ছয়টি অটোরিকশা ও ২৮টি বাঁশের লাঠি জব্দ করা হয়।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার (২৮ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রীকালীন টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার রামপুর ইউনিয়নের রামপুর বাজার থেকে কামারিয়া চৌরাস্তাগামী সড়কের সাদিপুর এলাকায় সাইদুল মেম্বারের বাড়ির পূর্ব পাশে ইটের সলিং রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়েছেন।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিলেন তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ধাওয়া করে ৮ জনকে আটক করতে সক্ষম হয়। তবে এজাহারনামীয় অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কামারিয়া পূর্বপাড়ার আব্দুল্লাহ আল-রবিন সরকার (২১) ও জীবন মিয়া (১৯), হরিপুরের মো. আল আমিন (৩২), নূর-আলম (৩৬) ও জহিরুল ইসলাম (২৮), কামারিয়া পশ্চিমপাড়ার সেলিম (২৫), মো. আব্দুল কাদির (৪৫) ও বিল্লাল (৩৫)।
অভিযানকালে আসামিদের ফেলে যাওয়া সাতটি মোটরসাইকেল (যার আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা), ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা (যার আনুমানিক মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা) এবং ২৮টি বাঁশের লাঠি জব্দ করা হয়। জব্দকৃত যানবাহন ও মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ২৭ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় তারাকান্দা থানার এসআই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০১৩) বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নং-১৬, জিআর নং-১৮৯) দায়ের করেছেন।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাশিদ জানান , গ্রেপ্তারকৃত আসামিদের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন