কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেরী বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশনে জড়ো হন।
সমাবেশে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির অন্যতম নেতা ও ২০২১ সালে নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছে। বিগত ১৬ বছরে তারা ক্ষমতায় থেকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জনরোষের ভয়ে দেশ ছেড়েছে। এখন তারা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র এবং দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা দোসরদের দিয়ে বিভিন্ন স্থানে আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে।’
আওয়ামী লীগের যেকোনো নাশকতা মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় বা লালন-পালন করছেন, দলের দুর্দিনের নির্যাতিত, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা তাঁদের কোনো দিন ক্ষমা করবে না।’
মন্তব্য করুন