মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় পৈতৃক বসতভিটার জমি দখলচেষ্টা, সীমানার বাঁশ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি।
রোববার (১১ অক্টোবর) বেলা ১২টায় মুক্তাগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নন্দীবাড়ী এলাকায় নিজের বাড়ির আঙিনায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মোফাজ্জল হোসেন।
লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, স্থানীয় মোশাররফ ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁর পৈতৃক বসতভিটা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। এরই ধারাবাহিকতায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে সীমানার বাঁশ কেটে নিয়ে যাওয়া এবং জোরপূর্বক বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
মোফাজ্জল হোসেন আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন জমি দখলের অপচেষ্টা বন্ধ, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোশাররফ ও তাঁর সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন