
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা এলাকায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া বিসমিল্লাহ জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই মসজিদের ভেতরে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা মসজিদের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। একই সঙ্গে গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মসজিদের ভেতরে থাকা কার্পেট, ফ্যান, লাইটসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে। মুসল্লিদের মধ্যে গভীর দুঃখ ও হতাশা দেখা গেলেও তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন যে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষতিগ্রস্ত মসজিদ পুনর্গঠনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

