নিজস্ব প্রতিনিধি : সাহিত্য সংগঠন পরম্পরার আয়োজনে ময়মনসিংহে কবি সাজাহান শিরাজীর স্মরণে ভাঁজপত্র প্রকাশ, গান, বাঁশির সুরে কবিতা আবৃত্তি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ব্রহ্মপুত্র নদের তীরে হিমু আড্ডা বটতলায় আয়োজিত অনুষ্ঠানে ‘স্মরণ পঙ্খী’তে কবি সাজাহান শিরাজীর উল্লেখযোগ্য কবিতা নিয়ে ‘পাখির মত কান্না মানুষ কাঁদে’ শিরোনামে বাছপত্র প্রকাশ করা হয়। আনুষ্ঠানিকভাবে ভাঁজপত্রটি উপস্থিত কবি-সাহিত্যিকদের হাতে তুলে দিয়ে এর প্রকাশনা উদ্বোধন করেন ময়মনসিংহের কবি ও সাহিত্যিকরা।
কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহের প্রবীণ কবি ও সাহিত্যিক শামসুল ফয়েজ। গ্রাফিক ডিজাইনার ও কবি শামিম আশরাফের সঞ্চালনায় স্মরণসভা ও আবৃত্তি অনুষ্ঠানে শাহীদা হোসেন রীনা, অ্যাডভোকেট সালাহ উদ্দিন পাঠান, নাজমা মমতাজ, আলী ইদ্রিস, রোকসানা আফরীন, শরৎ সেলিমসহ অনেকে অংশ নেন।
স্মরণসভায় বক্তারা বলেন, মাত্র ৪৮ বছরের জীবনে ময়মনসিংহের কাব্যাঙ্গনে কবি সাজাহান শিরাজী স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। সমকালীন কবি-সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন জনপ্রিয়। তাঁর কাব্যযাত্রা আশির দশকের গোড়ার দিকে শুরু হয়।
বক্তারা জানান, নিভৃতচারী স্বভাবের সাজাহান শিরাজীর কবিতায় ব্যতিক্রমী শব্দচয়ন ও উপমার ব্যবহার পাঠকদের আকৃষ্ট করত। তাঁর ‘রালা আমার রালা’ এবং ‘সুন্দর তোমাকে ঘৃণা’ কবিতা সতীর্থদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছিল। পরবর্তীতে ‘সুন্দর তোমাকে ঘৃণা’ নামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
বক্তারা আরও বলেন, সাজাহান শিরাজীর কবিতায় শব্দচয়নের পাশাপাশি ভালোবাসা ও ঘৃণার বৈপরীত্যও বিশেষভাবে প্রকাশ পেয়েছে। তাঁর কবিতায় ‘চাঁদনী রাত যেন মোলায়েম রোদ’, ‘ঝরা পাতার ’পরে ঝলসে ওঠে মখমল ভোর’ এ ধরনের চিত্রকল্প তাঁর কাব্যভাষার বৈশিষ্ট্য তুলে ধরে।
স্মরণসভায় বক্তারা আরও বলেন, স্বল্প জীবনে সারল্য, আন্তরিকতা ও আচরণগুণে সাজাহান শিরাজী সর্বজনের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনেও তিনি অমায়িক স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা জানান, তাঁর গুণ ও কাব্যশক্তির প্রতি শ্রদ্ধা জানাতেই সাম্প্রতিক সময়ের স্মরণীয় ব্যক্তিদের প্রসঙ্গ এলে সাজাহান শিরাজীর নাম উঠে আসে। পর্যায়ক্রমে সাম্প্রতিক সময়ের আরও স্মরণীয় ব্যক্তিদের তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা। একই সঙ্গে সব ধরনের সংকীর্ণতা ও দলীয় সীমাবদ্ধতার বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
বিকেল থেকে রাত পর্যন্ত চলে এ আয়োজন।
মন্তব্য করুন